পায়ে লিখেই প্রতিবন্ধকতা জয় প্রিয়ার
সবকিছুই ঠিক আছে। রয়েছে শিশুসুলভ চপলতাও। শারীরিক ঘাটতির মধ্যে শিশু প্রিয়া দে’র (১৪) শুধু নেই দুটি হাত। কিন্তু মনের ইচ্ছের সামনে কোনো কিছুই বাধা হয়নি তার সামনে। এর প্রমাণও রেখেছে সে।
শারীরিক প্রতিবন্ধকতা আর পরিবারের দারিদ্রকে পেছনে ফেলে এবার প্রাথমিক স্কুল সমাপনী পরীক্ষা শেষ করেছে চট্টগ্রাম নগরীর ফিরোজশাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়া। এখন লক্ষ্য তার আরো এগিয়ে যাওয়া।
বোয়ালখালী উপজেলার বাসিন্দা রঞ্জন দে তিন মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন নগরীর আকবর শাহ থানাধীন কৈবল্যধাম এলাকায়। পেশায় রেফ্রিজারেটর মেকানিক রঞ্জনের ছোট মেয়ে প্রিয়া। প্রিয়ার বড়বোন রিম্পা দে এবার এইচএসসি পাস করেছে, মেজ বোন রীমা পড়ছে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণিতে।
জন্ম থেকেই প্রতিবন্ধী প্রিয়া তার দুই হাত দিয়ে কিছু করতে পারে না। ছোটবেলা থেকে সমবয়সীদের সাথে স্বাভাবিক খেলাধুলা করতে না পারলেও পড়ালেখার প্রতি তার ছিল অদম্য আগ্রহ। তার আগ্রহেই বাবা রঞ্জন দে তাকে ভর্তি করিয়ে দেন প্রতিবন্ধীদের স্থানীয় একটি স্কুলে।
রিম্পা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সবচেয়ে ছোট বোনটি জন্মের পর থেকেই দুটি হাত দিয়ে কিছুই করতে পারে না। অনেক ডাক্তার দেখানো হলেও সবাই বলেছে, সে দুটি হাত দিয়ে আর কখনো কিছুই করতে পারবে না।
“আর্থিক অস্বচ্ছলতা এবং সামাজিক বিভিন্ন নেতিবাচক দিক থাকলেও পড়ালেখার প্রতি প্রিয়ার আগ্রহের কারণেই বাবা তাকে প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করিয়ে দেন। দুই বছর পর তাকে ভর্তি করানো হয় স্থানীয় ফিরোজ শাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
“সেখানে অন্য সাধারণ শিক্ষার্থীর মতো সে সবকিছুই করলেও হাতে লিখতে পারতো না। হাতের বদলে সে পা দিয়েই লেখা শুরু করে এবং এখন সে এতেই অভ্যস্ত হয়ে গেছে,” বলেন রিম্পা।
প্রিয়ার পরিবারের সদস্যরা জানান, শিক্ষার্থী হিসেবে সে মেধাবী এবং অল্প পড়েই দ্রুত পড়া মুখস্ত করতে পারে। নানা সীমাবদ্ধতা থাকলেও তাকে অনেকদূর পর্যন্ত পড়ালেখা করানোর ইচ্ছে রয়েছে তাদের।
প্রিয়া একই এলাকার হাজি দাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গত ২০ নভেম্বর থেকে অন্য শিশুদের সঙ্গে অংশ নেয় প্রাথমিক সমাপণী পরীক্ষায়। টুল-টেবিলের পরিবর্তে শিক্ষকের কক্ষের মেঝেতে বসে সে ডান পা দিয়ে লিখে পরীক্ষা দেয়। এভাবেই সে শেষ করে ছয়টি পরীক্ষা।
হাজি দাউদ স্কুল কেন্দ্রের শিক্ষক ও পরীক্ষক আবদুল কুদ্দুস পাটোয়ারী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রিয়া শারীরিক প্রতিবন্ধী হলেও অদম্য ইচ্ছাশক্তি তাকে দমিয়ে রাখতে পারেনি। হাতের বদলে পা দিয়ে লিখলেও অন্য শিশুদের মতো সমানভাবে পরীক্ষার খাতায় লিখেছে।
“প্রতিটি পরীক্ষাতেই সে নির্দিষ্ট সময়ের আগে লেখা শেষ করেছে এবং ভাল লিখেছে বলে মনে করি।”
আবদুল কুদ্দুসের আশা, প্রিয়া ভাল ফল করবে এবং অনেকদূর পর্যন্ত যাবে। একই আশা প্রিয়ার পরিবারের সদস্যদেরও।
