২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় শিক্ষক খুন, বন্দুকসহ মালামাল লুট

নওগাঁ শহরে প্রাথমিক বিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে খুন করে বন্দুকসহ মূল্যবান মালামাল লুট করেছে ডাকাতরা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

শনিবার দুপুরে কালীতলায় এ ডাকাতির সময় শিক্ষক অমল কুমার রায় (৬৫) ঘরে একা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

অমল কুমারের ছেলে অপুর্ব রায় জানান, দুপুর ১২টার দিকে তার বাবা বাসায় একা ছিলেন। ডাকাতরা ঘরে ঢুকে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে লাশ বাথরুমে ফেলে রাখে।

তিনি ঘরে ফিরে ট্রাঙ্ক ও আলমারি ভাংচুর এবং বিছানা, কাপড়চোপড় এলামেলো দেখতে পান। বাবাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাথরুমে গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ পান।

পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

নিহতের  স্ত্রী কল্পনা রানী জানান, তিনি কর্মস্থলে ছিলেন। খবর পেয়ে বাসায় এসে দেখেন তার স্বামীকে খুন করে বন্দুকসহ মালামাল লুট করে নিয়ে গেছে দূবৃত্তরা।

নওগাঁর পুলিশ সুপার কায়মুজ্জামান খান জানান, লাশের মুখে রক্ত ছিল। ধারনা করা হচ্ছে ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডাকাতরা প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ এক লাখ টাকা ও একটি বন্দুক নিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।