২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তি

অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ঢাকা-কলকাতার পথে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 04:30 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

শনিবার বিরোধী দলের তৃতীয় দফায় ৭২ ঘণ্টার অবরোধ শুরুর পর কলকাতা থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়েনি। ফলে ভোগান্তিতে পড়েছেন এপার-ওপার বাংলার যাত্রীরা।

এর আগে বুধবার বাংলাদেশের যশোরে অবরোধ সমর্থকদের ইটের আঘাতে ঢাকা-কলকাতা পথের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সেদিন বাসের কাঁচ ভেঙে আহত হন এক যাত্রী।

ঢাকা-কলকাতায় চলাচলরত একটি পরিবহনের ব্যবস্থাপক অবনি কুমার ঘোষ বলেন, “নাশকতার আশঙ্কায় শনিবার থেকে আমরা গাড়ি চলাচল বন্ধ রেখেছি। আমরা আমাদের যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। চালকরাও নিরাপদবোধ করছেন না।”

পরিস্থিতি স্বাভাবিক হলে ফের বাস চলাচল শুরু হবে বলে জানান তিনি।

অবনি কুমার জানান, যারা ইতোমধ্যেই অগ্রিম টিকিট কেটেছেন তারা চাইলে তা ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারেন।

ঢাকা-কলকাতার পথে ১৯৯৯ সাল থেকে ‘সৌহার্দ্য’ ও ‘শ্যামলী’ নামে দুটি পরিবহন যাত্রী পারাপর করছে। যাদের বিমানে ব্যয়বহুল ভ্রমণের সামর্থ নেই সেসব নিম্ন ও মধ্যবিত্ত পর্যায়ের লোকজনই এই পরিবহন সেবার নিয়মিত যাত্রী।

ঢাকা ও কলকাতার রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থার অনুমোদন নিয়েই এ পথে বাস চলাচল শুরু করা হয়েছিল।

দুর্ভোগে বাংলাদেশিরা

আকাশ পথে ফেরার সুযোগ থাকলেও অর্থ সঙ্কুলান না থাকায় অনেক বাংলাদেশি দেশে যেতে পারছেন না।

কলকাতায় চিকিৎসা করাতে এসে মনোয়ারা বেগম নামে ঢাকার এক বাসিন্দা পড়েছেন অবরোধের কবলে। তার খরচাপাতিও শেষ হওয়ার পথে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার খরচের টাকা শেষ হয়ে গেছে। আমি চিকিৎসার জন্য কলকাতায় এসে চারদিন ছিলাম। কিন্তু বাসের টিকিট না পাওয়ায় সপ্তাহখানেক ধরে আটকা আছি।”

মনোয়ারা বেগমের মত একই সমস্যায় পড়েছেন ঢাকার ব্যবসায়ী আতিকুল ইসলাম।

তিনি বলেন, “এখানে এক বন্ধুর কাছ থেকে আমাকে টাকা ধার করতে হয়েছে। কারণ ঢাকার ফেরার জন্য এক সপ্তাহ ধরে বাসের অপক্ষোয় আছি।

“এখানে আমার কাজ অনেক আগেই শেষ। কিন্তু ফিরতি বাসের টিকিট পাচ্ছি না।”

দুই দেশের সরকার বিশেষ নিরাপত্তা দিয়ে বাস সেবা সচল করলে আটকা পড়া যাত্রীরা উপকৃত হবেন বলেও জানান আতিকুল।

ব্যবসা-বাণিজ্য, পড়াশুনা, চিকিৎসা এমনি ভ্রমণের জন্য হাজার হাজার বাংলাদেশি কলকাতায় এসে থাকেন। ভারতের অন্যান্য রাজ্যে ভ্রমণ করার জন্য এটি বাস যাত্রীদের জন্য একটি ট্রানজিট পয়েন্ট।

আবার অনেক ভারতীয়কে ব্যবসা, ভ্রমণ ও বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে যেতে হয়। বিমানের বিশাল ব্যয়ভার থেকে রক্ষা পেতে তাদের অনেকেই বাসের ভ্রমণকে বেছে নেন।

বাস সেবাটি বন্ধ থাকায় তারাও এখন উভয় সঙ্কটে।

কলকাতার স্কুল শিক্ষিকা আনুশকা সেনের অনেক আত্মীয় স্বজন রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামে। সেখানে তার এক নিকটাত্মীয় শয্যাশায়ী অবস্থায় থাকলেও তাকে দেখতে যেতে পারছেন না আনুশকা।

“আমাকে সত্বর চট্টগ্রাম যেতে হবে। সেখানে আমার ফুফু মৃত্যুশয্যায় পড়ে আছে। কিন্তু এরকম আতঙ্কজনক পরিস্থিতি থাকলে আর বাস বন্ধ থাকলে যাওয়ারইবা উপায় কী?

“বিমানে যাওয়া তো আমার জন্য অনেক কঠিন,” বলেন এই স্কুল শিক্ষিকা।