‘পারলে প্রধানমন্ত্রীকে অবরোধ করুন’
জনগণকে অবরোধ করার মতো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, বিএনপির ক্ষমতা থাকলে তারা প্রধানমন্ত্রীকে অবরোধ করতে পারে।
শুক্রবারে শাহবাগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশের বর্তমান সংবিধান একদিকে সাম্প্রদায়িক অন্যদিকে জাতিবিদ্বেষী সংবিধান। এছাড়াও এ সংবিধানের অধীনে নির্বাচিতরা জনগণের কথা বলতে পারেন না। দলনেত্রীর কথার বাইরে যাওয়া যায় না। এদেশের বর্তমান লড়াই দুটি গণতান্ত্রিক শক্তির লড়াই নয়, বরং দুই জমিদারের লড়াই।
“সরকারকে বলবো, দমন-পীড়ন গুলি বন্ধ করে সব দল যাতে নির্বাচনে আসে সেই ব্যবস্থা করুন। বিএনপিকে বলবো, জনগণকে অবরুদ্ধ না করে ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীকে অবরুদ্ধ করেন, সচিবালয় অবরুদ্ধ করেন।”
মানুষ পুড়িয়ে মারা ও লুটপাটের রাজনীতির অবসান এবং গণতান্ত্রিক সংবিধানের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
দেশকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে দুই প্রধানদল প্রতিযোগিতায় নেমেছে অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, একদল টিকফা চুক্তি করলে আরেকদল গভীর সমুদ্রবন্দর দিতে চায়। একদল গ্যাস দিতে চাইলে অন্যদল সামরিক সহায়তা চুক্তি করতে চায়।
দুই দলের ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির কথা তুলে ধরে তিনি বলেন, “বিলবোর্ডে দেয়া আওয়ামী লীগের উন্নয়ন চিত্র যদি সত্য হয়, তাহলে বিএনপি নির্বাচনে আসতে দিতে কীসের অসুবিধা? অন্যদিকে বিএনপির পক্ষে যদি জনসমর্থন থাকে, তাহলে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় আসতে অসুবিধা কোথায়? আসলে সমস্যা কোনো সমঝোতা কিংবা নির্বাচন নিয়ে নয়, সমস্যা হলো তারা ক্ষমতায় আসার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায় না।”
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুর ইসলাম সেলিম বলেন, দুই দলের দ্বন্দ্ব আদর্শের জন্য নয়। সাম্রাজ্যবাদী শক্তিকে কত বেশি সুযোগ সুবিধা দেয়া যায়, সে জন্য তাদের দ্বন্দ্ব। এ কারণেই টিকফা চুক্তি স্বাক্ষরের কালি শুকানোর আগেই বিএনপি তাতে সমর্থন দিয়ে দেয়।
“দুই দলের দ্বন্দ্বে দেশে কোনো অসাংবিধানিক শক্তির আঘাত আসলে তার প্রধান শিকার হবে এদেশের জনগণ। দুই কুকুরের কামড়াকামড়িতে তাদের কী ক্ষতি হবে সেটা জানি না। তাবে তাতে আমরা জনগণ আমাদের মৌলিক অধিকার হারাবো।”
লেখক-কলামিস্ট আবুল মকসুদ বলেন, “দেশ আওয়ামী লীগ-বিএনপিতে নয়, দেশ শাসক এবং জনগণ এই দুই ভাগে বিভক্ত। ইতিহাসের ধারাবাহিকতায় সমস্যা সমাধান রাজপথেই হবে। আজকে জনগণের যে দাবি, সেই দাবির পক্ষে তারা রাস্তায় না থাকলেও তারা আমাদের সঙ্গেই আছেন। কারণ আমাদের প্রতি তাদের সমর্থন আছে।”
গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে ৭২’র সংবিধান। এই সংবিধানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। রোগ যদি চিহ্নিত করা না যায় তাহলে সমস্যার সমাধান করা যাবে না।
সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন, নিউ এইজ সম্পাদক নূরুল কবির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সমাজবিজ্ঞানী স্বপন আদনান প্রমুখ।
