ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি আবদুল হামিদ দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
ফাইল ছবি
শুক্রবার এক শোকবার্তায় ‘মাদিবা’খাত বিশ্ব পরিমণ্ডলে ম্যান্ডেলাকে সুবিশাল ব্যক্তিত্ব অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, ম্যান্ডেলার মৃত্যুতে বিশ্ব অন্যতম এক প্রভাবশালী ও সাহসী নেতাকে হারালো।
“নেলসন ম্যান্ডেলা জনগণের মুক্তি অর্জন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার দীর্ঘ সংগ্রামের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।”
বাংলাদেশের জনগণের পক্ষে নেলসন ম্যান্ডেলার পরিবার ও দক্ষিণ আফ্রিকার জনগণের প্রতি তার গভীর শোক জানান রাষ্ট্রপতি।
নেলসন ম্যান্ডেলা গতরাতে ৯৫ বছর বয়সে মারা যান। ম্যান্ডেলা দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসানের মধ্যদিয়ে বিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম প্রিয়ভাজন রাষ্ট্রনায়ক হয়ে উঠেছিলেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বৃহস্পতিবার রাতে (স্থানীয় সময়) এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশের মহান সন্তান আজ আর আমাদের মাঝে নেই।’
