বাগেরহাটে নসিমন দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় নসিমন দুর্ঘটনায় এর চালকসহ দুই জন নিহত হয়েছেন। আহত হন নসিমনের তিন যাত্রী।
শুক্রবার দুপুরে কেন্দুয়া জোড়া সেতুর কাছে এই দুর্ঘটনায় নিতরা হলেন নছিমন চালক গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারামপুর গ্রামের হাসেম শেখের ছেলে রাজু শেখ (২২) এবং নসিমন যাত্রী আকতার ব্যাপারী (৪৫)।
মাছ ব্যবসায়ী আকতার ব্যাপারী একই উপজেলার লোহাগড়া গ্রামের আক্কাস আলী ব্যাপারীর ছেলে।
আহত ইমান আলী, ফিরোজ ও অজ্ঞাত পরিচয় এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মাছ বাজারে যাচ্ছিল নসিমনটি।
বেলা ২টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের কেন্দুয়া বিলের জোড়া সেতুর কাছে নসিমন চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে রাজু শেখ ঘটনাস্থলে এবং আকতার শেখ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।
লাশ ময়নাতদন্তে জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
