লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহউদ্দিন টিপু জানান, শুক্রবার দুপুরে এ হামলায় নিহত আবদুল হান্নান সুমন সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও উপজেলা বাস্তহারা লীগের সাধারণ সম্পাদক।
তিনি উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে।
কারা এ হামলা করেছে তা পুলিশ কিংবা নিহতের স্বজনরা জানাতে পারেনি।
সদর থানার উপপরিদর্শক মো. জিল্লুর রহমান জানান, মেয়ের পরীক্ষা শেষে দুপুরে দত্তপাড়া থেকে মেয়েকে নিয়ে সুমন রিকশায় বাড়ি ফিরছিলেন।
পথে উত্তর জয়পুর ইউনিয়নের দক্ষিণ গোপালপুর গ্রামের খাঁ ব্রিজ এলাকায় ৫/৬ জন সন্ত্রাসী তাকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, তার বিরুদ্ধে থানায় হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
