পাবনায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
পাবনার ফরিদপুর উপজেলায় জমিজমা নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।
শুক্রবার কেনাই গ্রামে এ সংঘর্ষে নিহত বাকিরুল ইসলাম (৩২) ওই গ্রামের সোহরাব আলীর ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন বাকিরুলের ভাই জাকিরুল ইসলাম (৩৫), আপাল প্রামানিক (৩৮), শওকত মৃধা (৪৭), আপেল মৃধা (৪০), আকমল মৃধা (২৮), মকছেদ আলী মোল্লা (৩৫), দুলাল প্রামানিক (৪২), আজম আলী (৩০) ও আব্দুল হাই (৩৫) ।
তাদের ফরিদুপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফরিপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেনাই গ্রামের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে তারা ও শাহাদত গ্রুপের সঙ্গে রমজান আলী গ্রুপের বিরোধ চলেছে।
এ নিয়ে ইতিপূর্বে মামলা-মোকদ্দমাও হয়েছে।
সকাল ১০ টার দিকে দুগ্রুপ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখল করতে গেলে সংঘর্ষ শুরু হয়।
এতে ঘটনাস্থলেই বাকিরুল ইসলাম নিহত হয়।
সংঘর্ষ চলাকালে ১২/১৫টি বাড়িঘরে লুটপাট হয় বলেও স্থানীয়রা জানান।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
