২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নাল হাজারীর ৩ মনোনয়নপত্রই বাতিল

দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিন বারের সংসদ সদস্য ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারীর তিনটি মনোনয়নপত্রই বাতিল হযেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 07:25 PM

ফেনী-১, ২ ও ৩ আসনে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

সমর্থকের স্বাক্ষর জাল করায় এবং আবাসিক গ্যাস বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির খোন্দকার।

জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, জয়নাল হাজারীর মনোনয়নপত্রের সমর্থক আবুল কালাম আজাদ নিজে হাজির হয়ে মনোনয়নপত্রের করা স্বাক্ষরটি তার নয় বলে নিশ্চিত করেছেন।

এছাড়া জয়নাল হাজারীর ১১ বছরের বেশি সময়ের আবাসিক গ্যাসের বিল বকেয়া রয়েছে।

বৃহস্পতিবার বাছাইয়ের প্রথম দিন ফেনী-১ আসনের মনোনয়নপত্র বাতিল হয় স্বতন্ত্র জয়নাল হাজারী, জাতীয় পার্টির এ টি এম গোলাম মাওলা (আয়কর সনদ না দেয়ায়) এবং বিএনএফের মনোনয়ন পাওয়া শাহরিয়ার জলিলের (সম্পদ বিবরণী জমা না দেওয়ায়)।

এ আসনে বৈধ ঘোষণা করা হয় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া খায়রুল বাশার মজুমদার ও জাসদের কেন্দ্রীয় নেতা শিরিন আক্তারের মনোনয়নপত্র।

জেলা প্রশাসক আরো জানান, ফেনী-২ আসনে আর কোনো প্রার্থী না থাকায় এখন রয়েছেন শুধু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নিজাম উদ্দিন হাজারী।

এছাড়া ফেনী-৩ আসনে রয়েছেন আওয়ামী লীগের আবুল বশর ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) হাজী রহিম উল্লাহ।