২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকা ২ দিনের রিমান্ডে

শাহবাগে বাসে অগ্নিসংযোগের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:37 PM

তবে মালিবাগে বাসে আগুনের মামলায় খোকার জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ হয়ে গেছে।

ঢাকার মহানগর হাকিম এম এ সালাম বৃহস্পতিবার এই আদেশ দেন।

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বুধবার রাতে খোকাকে আটক করে র‌্যাব। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

ঢাকার সাবেক মেয়র খোকার পক্ষে আদালতে শুনানি করেন সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ দশজন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর দায়রা জজ আদালতের পিপি আব্দুল্লাহ আবু।

খোকা অসুস্থ- এই যুক্তি দেখিয়ে তাকে জামিন দেয়ার আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।

এরপর খোকা কথা বলতে চাইলে বিচারক বলেন, “আপনার পক্ষে অনেক আইনজীবী কথা বলেছেন। আপনি আর কী কথা বলবেন।”

এরপরও খোকা বলতে থাকেন, “একাত্তরের আগে যেসব প্রহসনের নির্বাচন হচ্ছিল আমরা প্রাণের ঝুঁকি নিয়ে সেগুলো উড়িয়ে দিয়েছিলাম। হাসিনা এখন যে প্রহসনের নির্বাচন করছেন এটিও বন্ধ করে দেব।

“হাসিনা যখন জেনেছে তার জনপ্রিয়তা শূন্যের কোটায়, তখনই আমাকে গ্রেপ্তার করেছে।”

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী খোকার বক্তব্যের বিরোধিতা করে বলেন, “তিনি অসুস্থ নন, তিনি ভণ্ড।”

শুনানি শেষে বিচারক দুই মামলাতেই খোকার জামিন আবেদন নাকচ করে দেন।

শাহবাগের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও মালিবাগের ঘটনায় রমনা থানার মামলায় রিমান্ড নাকচ করে আসামিকে কারাগারে পাঠাতে বলে আদালত।

আদেশে বিচারক বলেন, শাহবাগের বিষয়টি একটি গুরুতর ঘটনা। কারা ওই ঘটনা ঘটিয়েছে, তা জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

গত ২৮ নভেম্বর অবরোধ চলাকালে রাজধানীর শাহবাগে বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হন ১৯ যাত্রী, যাদের তিনজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই ঘটনায় খোকাসহ বিএনপি-জামায়াতের ১৭ শীর্ষ নেতাকে আসামি করে মামলা করেন শাহাবাগ থানার পরিদর্শক এমএ জলিল।

এর এক দিন পর ৩০ নভেম্বর রাতে রাজধানীর মালিবাগে পেট্রোল বোমায় আক্রান্ত একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে এক ব্যক্তি নিহত হন।

ওই ঘটনায় রমনা থানার এসআই জহিরুল ইসলাম বিএনপির ১৫ শীর্ষ নেতার বিরুদ্ধে যে মামলা করেন, তাতেও খোকাকে আসামি করা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা বাতিল ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের হরতাল-অবরোধে সারা দেশে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। দফায় দফায় অবরোধে প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাংচুর, যাত্রী ও পণ্যবাহী যানবাহনে হামলা ও রেললাইনে নাশকতার ঘটনাও ঘটছে।

সহিংসতা ও নাশকতার জন্য বিরোধী দলের দায়িত্বশীল নেতাদের হুকুমের আসামি করে এর জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে এর আগে হুঁশিয়ার করেন স্বয়ং প্রধানমন্ত্রীসহ সরকারি দলের শীর্ষস্থানীয়রা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া; যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী; বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, আব্দুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকেও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

এই পরিস্থিতিতে ইতোমধ্যেই বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা আত্মগোপনে গিয়ে অজ্ঞাতস্থান থেকে বক্তব্য বিবৃতি দেয়ার কৌশল নিয়েছেন।

পুরনো খবর:

মালিবাগের মামলায় ফখরুলরা আসামি
বাসে বোমা: বিএনপির শীর্ষ নেতারা আসামি