বাসে বোমা: বিএনপির শীর্ষ নেতারা আসামি
রাজধানীতে পেট্রোল বোমায় বাসযাত্রী হতাহতের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শাহবাগ থানায় দায়ের করা এই হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম উল্লেখ করা হয়েছে উস্কানি ও ইন্ধনদাতা হিসাবে।
মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে বলে রমনা পুলিশের উপ কমিশনার মারুফ হাসান সরদার জানান।
ফখরুল ছাড়াও বিএনপি নেতাদের মধ্যে ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামকে মামলায় আসামি করা হয়েছে।
এছাড়া ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির; যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি মামুন হাসান; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মাহিদুল ইসলাম হিরু, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রওশন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. মাসুদের নামও এজাহারে রয়েছে।
বিরোধী দলের ৭১ ঘণ্টা অবরোধের শেষদিন বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বাসে ছোড়া পেট্রোল বোমায় ১৮জন দগ্ধ হন, যাদের মধ্যে দুজন পরে হাসপাতালে মারা যান।
ওই ঘটনার পর এক বিবৃতিতে বোমা হামলার জন্য সরকারের ‘এজেন্টদের’ দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মামলায় বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিশু পার্ক সংলগ্ন পূবালী ব্যাংকের ফটকের সামনে সদরঘাট থেকে মিরপুরগামী বিহঙ্গ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে ২/৩জন দুর্বৃত্ত পেট্রোল বোমা ছুড়ে।
হত্যার উদ্দেশ্যে ছুড়ে দেয়া পেট্রোল বোমায় আগুন ধরে যাওয়ায় বাসটির চালক ও তার সহকারীসহ ১৯জন যাত্রী মারাত্মক অগ্নিদগ্ধ হয়।
মামলায় প্রাথমিকভাবে তথ্য পাওয়ার কথা উল্লেখ করে বলা হয়, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘একটা/দুইটা গাড়ি ভাঙ্গলে আন্দোলন চাঙ্গা হয় না, রাস্তায় নামতে হবে।’
রুহুল কবির রিজভীও বিভিন্ন সভাসমাবেশ ও সংবাদ সম্মেলনে মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন প্রতিহত, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং অবরোধ কর্মসূচি পালনের নির্দেশ দিয়ে নাশকতা ও জনমনে ভীতির উদ্দেশ্যে বিবৃতি দেন।
এছাড়া সাদেক হোসেন খোকা এক সেমিনারে দা কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে হবে বলে বক্তব্য রাখেন।
ইতোমধ্যে আন্দোলন সংগ্রামকে জোরদার করার জন্য ঢাকা মহানগরকে কয়েকটি অংশে ভাগ করার জন্য সাদেক হোসেন খোকা, মির্জা আব্দাস, গয়েশ্বর রায়, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, আব্দুস সালাম এবং সালাউদ্দিন আহমেদকে ১৮ দলের নেতৃত্ব থেকে দায়িত্ব অর্পণ করা হয়।
মামলায় বলা হয় এই নেতাদের সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের আব্দুল কাদের ভুইয়া জুয়েল, ওবায়দুল হক নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের মহিদুল ইসলাম হিরু, মাসুদ রানা, মহানগর ছাত্রদলের হুমায়ুন কবির রওশন, কেন্দ্রীয় যুবদলের সাইফুল ইসলাম নিরব, মহানগরীর যুবদলের মামুন হাসান, জামায়াতের ইসলামির ড. মাসুদসহ ১৮ দলের নেতাদের প্রত্যক্ষ/ পরোক্ষ উস্কানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, সহায়তা, মদদে এবং অর্থায়নে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।
