হাতবোমায় এনটিভির গাড়িচালক আহত
দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে পুরান ঢাকার রায়সাহেব বাজারে ছোড়া হাতবোমার বিস্ফোরণে টেলিভিশন স্টেশন এনটিভির এক গাড়িচালক আহত হয়েছেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) হাসান মাহমুদ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রায়সাহেব বাজার মোড় ও জংশন রোডের মাঝামাঝি এলাকায় ২০ থেকে ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, বিস্ফোরণে সেখানে দাঁড়িয়ে থাকা এনটিভির একটি গাড়ির সামনের কাঁচ ও হেডলাইট ভেঙে যায়। গাড়ির চালক বিপ্লব আহত হন।
এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক অরিফুর রহমান বলেন, “সকালে ওই এলাকায় অন্তত ১৪টি গণমাধ্যমের কর্মীরা দায়িত্ব পালন করছিলেন। টহল পুলিশ ও র্যাব সদস্যরাও ছিলেন।
“হঠাৎ করেই বিভিন্ন দিক থেকে বোমা ছোড়া হয়। আমাদের গাড়ির সামনে দুটি হাতবোমা পড়ে বিস্ফোরিত হয়। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।”
আহত বিপ্লব বাঁ কানে শুনতে পাচ্ছেন না বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা হাসান বলেন, হাতবোমা সঙ্গে সঙ্গে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি।
