২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কানসাটে হামলায় আ.লীগ কর্মী আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আওয়ামী লীগের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

আহত মানিক (৪০)জহুরপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে গ্রামেই মুখোশধারী সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

এ হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ।  

শিবগঞ্জ থানার ওসি রজব আলী জানান, ধারালো অস্ত্রের আঘাতে মানিকের মাথায় ও দুই পায়ে গুরুতর জখম হয়েছে।

তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মো. আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা মানিকের পায়ের রগ কাটারও চেষ্টা করেছিল বলে মনে হচ্ছে।”

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “মানিক আমাদের দলের কর্মী। বিএনপি-জামায়াতের লোকেরাই এ হামলা চালিয়েছে।” 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌন ১১টার দিকে বাড়ির পাশের দোকানে বসে ছিলেন মানিক। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় তারা। আহত অবস্থায় তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়।

এর আগে অবরোধের তৃতীয় দিন সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আন্দোলনের নেতা এবং আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম রব্বানীর বাড়িতে আগুন দেয় ও হাতবোমার বিস্ফোরণ ঘটায় বিরোধী দলের নেতাকর্মীরা। এসময় বোমার স্প্লিন্টারে রুবেল (২৫) নামে এক যুবক নিহত হন।

একই দিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন  দেয় দুর্বৃত্তরা।

এসব ঘটনার পর শিবগঞ্জ উপজেলা সদর এবং কানসাট ইউনিয়নে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।