বরিশালে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০
দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনে বরিশালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর পোর্টরোড এলাকায় এ সংঘর্ষ হয়। এ সময় শামীম নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।
কোতয়ালি মডেল থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, সকালে অবরোধের সমর্থনে মিছিল থেকে যানবাহনে ভাংচুরের চেষ্টা করা হয়। পুলিশ ধাওয়া দিলে পাল্টা ইট ছোড়ে তারা। এতে দুই কনস্টেবল পায়ে আঘাত পান।
এতে দলের ৮ জন নেতাকর্মী আহত হন জানিয়ে বিএনপির নেতা বলেন, “মিছিল থেকে আমাদের এক কর্মীকে আটক করা হয়েছে।”
এর আগে ভোর সাড়ে ৫টার দিকে অবরোধের সমর্থনে নগরীর নবগ্রাম রোড শামসু মিয়ার গ্রেজ এলাকায় সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জামায়াত। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
সকাল ৭টার দিকে নগরীর কাউনিয়া বাঘিয়া এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিবির। কয়েকটি হাতবোমারও বিস্ফোরণ ঘটায় তারা।
এছাড়া নগরীর ললিদাসের পুল এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদল।
