২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভালো আছেন’ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ ও স্বাভাবিক আছেন বলে তার ব্যক্তিগত সহকারী অবসরপ্রাপ্ত মেজর খালেক আক্তার জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার দুপুরে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাংবাদিকদের তিনি বলেন, “স্যার (এরশাদ) সুস্থ আছেন, ভালো আছেন। তিনি বলেছেন, তিনি তার সিদ্ধান্তে অনড় আছেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

খালেক বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। আর কেউ পদত্যাগ না করলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

মন্ত্রী-প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়ে এরশাদের সঙ্গে দেখা করবেন বলেও জানান তার সহকারী।

নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেয়ার পরদিন বুধবার নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ মন্ত্রিসভা থেকে দলের মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন সাবেক সামরিক শাসক এরশাদ।

নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পর বুধবার দুপুরেই তার বাসা ঘিরে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে গভীর রাতে এরশাদ সাংবাদিকদের বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হলে তিনি আত্মহত্যা করবেন।