২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকাহীন গাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপার ৩ মন্ত্রী

দলীয় চেয়ারম্যান এইচএম এরশাদ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেয়ার পরদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন জাতীয় পার্টির দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2013, 12:34 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার পর এরশাদের স্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য রওশন এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার ও দলের নেতা মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান।

মন্ত্রীদের গাড়িতে জাতীয় পতাকা থাকার রীতি থাকলেও এ সময় তাদের গাড়িতে পতাকা দেখা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আশিক হোসেন জানান।

আলাদা গাড়িতে করে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান।

এর আগে সকালে প্রতিমন্ত্রী সালমা ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সালাউদ্দীন ওয়াহিদ প্রীতমকে বলেন, “চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন, পদত্যাগ করতেই হবে। তবে কখন করব বলতে পারছি না।”

অবশ্য এরশাদের ছোট ভাই ও বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বেলা ১টার দিকে সচিবালয়ে তার কার্যালয়ে আসেন। এ সময় তার গাড়িতে জাতীয় পাতাকা দেখা যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক শামীম আহমেদ জানান।

দলীয় চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী পদত্যাগ করবেন কি না জানতে চাইলে কোনো মন্তব্য না করে চলে যান জাতীয় পার্টির এই নেতা।

গত ১৯ নভেম্বর নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রী হিসেবে শপথের পর দপ্তরবণ্টনে  রওশন এরশাদ স্বাস্থ্য মন্ত্রণালয়, আনিসুল ইসলাম মাহমুদ পানিসম্পদ এবং রুহুল আমীন হাওলাদার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মুজিবুল হক চুন্নুকে যুব ও ক্রীড়া এবং সালমা ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এছাড়া মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।   আর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিএম কাদের মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র জমা দেয়ার পরদিন মঙ্গলবার আকস্মিক সংবাদ সম্মেলনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেন এরশাদ। এর পরদিন নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ করতে নির্দেশ দেন তিনি।

এরশাদ বলেন, “আমার শেষ কথা হলো- আমি নির্বাচনে যাব না, যাব না। তোমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছ, তারা প্রত্যাহার করে নাও। আর সর্বদলীয় সরকারে যারা আছ, তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।”

এরশাদের ব্যক্তিগত সহকারী খালেক আক্তার সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের মধ্যে দলের কোনো মন্ত্রী পদত্যাগ না করলে তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান।

এদিনও সাবেক এই রাষ্ট্রপতির বাড়ি বারিধারার প্রেসিডেন্ট পার্কে  র‌্যাব-পুলিশের অবস্থান দেখা গেছে।

র‌্যাবের ডিএডি লোভেল বলেন, তিনটি দলে র‌্যাবের ১৮ জন সদস্য এখানে দায়িত্ব পালন করছেন।

“নিরাপত্তার স্বার্থেই আমরা এখানে আছি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।”

নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পর বুধবার দুপুর থেকে সাবেক সামরিক শাসক এরশাদের বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

এদিকে জাতীয় পার্টির ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীর কেউ বৃহস্পতিবার সচিবালয়ে যাননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ার পর থেকেই সচিবালয়ে অনিয়মিত জাতীয় পার্টির মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

ওই দিন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিমানমন্ত্রী  রুহুল আমীন হওলাদার এবং পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ অফিস করেননি। স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু  কিছু সময়ের জন্য কার্যালয়ে যান।

পরদিন বুধবার স্বাস্থ্যমন্ত্রী রওশন এরশাদ এবং বাণিজ্য মন্ত্রী জি এম কাদের  অফিস করলেও অন্য চারজন সচিবালয়েই যাননি।