বরগুনায় জাপা প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার
দলের চেয়ারম্যানের নির্বাচন বর্জনের ঘোষনার পর বরগুনা-১ আসনের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা জাতীয় পার্টি সভাপতি মো. শাহজাহান আকন (মানসুর)।
বুধবার বিকাল সাড়ে ৪টার শাহজাহান মনোনয়নপত্র প্রত্যাহার করেন বলে জেলা প্রশাসক মো. আব্দুল ওয়াহাব ভুঁইয়া নিশ্চিত করেন।
শাহজাহান আকন সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
বরগুনা-২ আসনের মনোনয়নপত্র জমা দেয়া বিকাশ কুমার শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি এখন ঢাকায় অবস্থান করছেন। ২/১ দিনের মধ্যে বরগুনা এসে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন।
সব দল না আসায় এবং ‘পরিবেশ না থাকায়’ জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে যাবেন না বলে জানিয়েছেন এরশাদ।
মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি এই ঘোষণা দেন। এরপর তিনি দলের সদস্যদের মনোনয়নপত্র প্রত্যাহার এবং মন্ত্রীদের পদত্যাগের আহ্বান জানান।
