২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সুজাতার বৈঠক

খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চাওয়ার কথা জানিয়েছেন সুজাতা সিং।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 07:10 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকা সফরে আসা সুজাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সঙ্গে দেখা করেন।

সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাড়িতে বৈঠকের পর বিএনপির সহসভাপতি, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চাওয়ার কথা জানিয়েছেন সুজাতা সিং।

“ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, তারা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায়। এব্যাপারে তারা সব ধরনের সহযোগিতা করবে।”

ঘণ্টাব্যাপী বৈঠকে সুজাতা সিং বিএনপি চেয়ারপারসনকে বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক এবং ব্যাপকভিত্তিক সম্পর্ক প্রত্যাশা করেন।

শমসের মবিন বলেন, “তিনি বলেছেন, বিরোধীদলীয় নেতার ২০১২ সালের ভারত সফরের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে নয়াদিল্লির নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি আশা করেন, আগামীতে বিএনপির সঙ্গে এই সম্পর্ক আরো শক্তিশালী হবে।”

বিরোধীদলীয় নেতা ভারতের পররাষ্ট্র সচিবকে বলেছেন, তিনিও নিকট প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। দুই দেশের মধ্যকার এই সম্পর্ক পারস্পরিক লাভের ভিত্তিতে এগিয়ে নেয়া প্রয়োজন।

আগামী জাতীয় সংসদের নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে বৈঠকে থাকা শমসের মবিন বলেন, “এনিয়ে কোনো আলোচনা হয়নি।”