মাদক আইনে দুই কোরীয়র কারাদণ্ড
তিন হাজার বোতল বিয়ার অবৈধভাবে রাখার অভিযোগে দুই কোরিয়ান নাগরিককে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
দণ্ডপ্রাপ্ত এই দক্ষিণ কোরিয়ান নাগরিকরা হলেন জুন জিং উন এবং লি জং হিয়াং। এদের মধ্যে জুন জিং-এর বাড়ি দক্ষিণ কোরিয়ার ন্যাম শহরে। আর লি জংয়ের বাড়ি সিউলে।
তারা লাইসেন্স ছাড়াই ঢাকার বিভিন্ন দূতাবাস ও কূটনীতিকের বাসায় মদ ও বিয়ার সরবরাহ করতেন বলে মামলার অভিযোগে বলা হয়।
বুধবার দুপুরে ঢাকার বিশেষ দায়রা জজ ও ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এবিএম নিজামুল হক এই দণ্ডাদেশ দেন।
তবে দণ্ডিতদের সাজার সময় থেকে হাজতবাসের সময় বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই মাস করে সাজার নির্দেশ এসেছে।
অভিযুক্তরা জামিনে থাকায় রায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গ্রেপ্তারের পর দণ্ডিতরা এক মাসের মধ্যেই জামিনে বেরিয়ে আসেন। তারা লাইসেন্স ছাড়া মদের ব্যবসা করতেন। তাদের অন্য কোন পেশা বা ব্যবসা ছিল না। বিভিন্ন দেশের দূতাবাসে তারা এ মদ ও বিয়ার সরবরাহ করতেন।”
অবশ্য অভিযুক্তদের আইনজীবী মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু জানান, সাজাপ্রাপ্তরা এদেশে গার্মেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এই মামলার রায়ে বলা হয়, গত বছরের ১ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বনানীর ৭ নম্বর সড়কের এইচ ব্লকের ৮৫ নম্বর বাড়ির নীচ তলায় দণ্ডিতদের হেফাজত থেকে বিয়ার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা অঞ্চলের উপ-পরিদর্শক সুমন উর রহমান গুলশান থানায় মামলা করেন।
অধিদপ্তরের তত্ত্বাবধায়ক আজম শাহ আলমগীর ঘটনার একমাস পর দুইজনের বিরুদ্ধে ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
গত ১ অগাস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়।
বিচারকালে রাষ্ট্রপক্ষের ৬ জনের সাক্ষ্য নেয়া হয়।
