চট্টগ্রামে বোমা হামলায় হতাহতের ঘটনায় মামলা
অবরোধকারীদের ছোড়া হাত বোমায় নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহতের ঘটনায় করা হত্যা মামলায় দুই ওয়ার্ড কাউন্সিলরকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় মোট ৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরো ১৫ জনসহ মোট ৬০ জনকে আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ এবং ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল। তারা দুইজনই বিএনপি সমর্থক কাউন্সিলর।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করা হয়েছে।
“এতে কাউন্সিলর হাসান মুরাদ ও সরফরাজ কাদের এবং স্থানীয় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাসহ মোট ৬০ জনকে আসামি করা হয়েছে।”
সোমবার রাত পৌনে ২টার দিকে বন্দর নগরীর ইপিজেড এলাকায় কর্ভাড ভ্যান লক্ষ্য করে হাত বোমা ছুড়ে মারে অবরোধকারীরা। এতে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক মাহবুব আলম (২৩) মারা যান। আহত হন কভার্ড ভ্যানটির দুই সহকারী সুমন কুমার দাশ ও মিজানুর রহমান।
পরে মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিজানুর রহমান।
আহত সুমন কুমার চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
