২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে ৫ ট্রেনের যাত্রা বাতিল

অবরোধে একের পর এক নাশকতায় সূচি বিপর্যয় ঘটায় চট্টগ্রাম থেকে নির্ধারিত পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক শামসুল আলম বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা ও সিলেট থেকে ট্রেন না পৌঁছানোয় আমরাও ট্রেন ছাড়তে পারছি না।”

তিনি জানান, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, ঢাকাগামী মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার সকালে শুধু ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ছেড়ে গেছে।

ব্যবস্থাপক জানান, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ, তূর্ণা নিশিথা, মহানগর গোধূলি ও চট্টগ্রাম মেইল এবং সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম পৌঁছেনি।

সকালে চাঁদপুরে ফিসপ্লেট তুলে ফেলায় লাইনচ্যুত হওয়া মেঘনাও চট্টগ্রামে আসতে পারেনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

চাঁদপুরের শাহতলীতে রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় বুধবার ভোরে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকেই চট্টগ্রাম-চাঁদপুর পথে রেল চলাচল বন্ধ রয়েছে।

তাছাড়া যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অন্যান্য ট্রেনের চালকরাও চালাচ্ছেন ধীর গতিতে।

এদিকে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। চট্টগ্রাম রেল স্টেশনে আসা বিভিন্ন গন্তব্যের যাত্রীদের অনেকেই টিকেট ফেরত দিয়েছেন বলে কর্মকর্তারা জানান।

রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট পথের চট্টগ্রাম অংশে রেল লাইনে কোনো সমস্যা নেই। কিন্তু যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ট্রেন আস্তে চালানো হচ্ছে।”

এতে ট্রেন গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে জানান তিনি।

স্টেশন ব্যবস্থাপক শামসুল আলম বলেন, গত কয়েকদিনের নাশকতার ঘটনায় সূচি অনুসারে বেশ কয়েকটি ট্রেন ছাড়া ও পৌঁছানো সম্ভব হয়নি।

“কিছু কিছু ট্রেনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য মূল ইঞ্জিনের সামনে একটি করে ডামি ইঞ্জিনও চালানো হয়েছে। গতিও কম রাখা হয়েছে। সব মিলিয়ে ট্রেন চলাচলে বেশি সময় লাগছে।”

রোববার কুমিল্লার রাজাপুর ও শশীদল স্টেশনের মাঝামাঝি নাশকতায় লাইনচ্যুত হয় মহানগর গোধূলী। এরপর রবি ও সোমবার মোট পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ।