২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০

নাটোর সদরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2013, 02:14 PM

Updated : 23 Aug 2022, 07:24 PM

বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হওয়ার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি আলাইপুর মসজিদের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমা ছোড়া হলে পুলিশ পাল্টা রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে।

উভয় পক্ষের মধ্যে এই সংঘর্ষে বিএনপির ১০ নেতাকর্মী আহত হন। আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক অভিযোগ করেন, ছাত্রদল নেতা সাইফুজ্জামানের হত্যার প্রতিবাদে ডাকা টানা তিনদিনের হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। হঠাৎ পুলিশ আমাদের মিছিলে হামলা করে গুলি বর্ষণ করে।

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার তোরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আক্রান্ত হওয়ার পর গ্যাস ছুঁড়তে বাধ্য হয়েছি।

সোমবার আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ ত্রিমুখী সংঘর্ষে ছাত্রদল নেতা সাইদুজ্জামান নিহত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে তিনদিনের হরতাল ডাকে জেলা বিএনপি।