অবরোধের আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ
অবরোধ কর্মসূচিতে নাশকতা এবং বাসে-ট্রেনে-গাড়িতে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে মানবন্ধন করেছে ‘প্রজন্ম একাত্তর’ এবং ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের এই দুটি সংগঠন মঙ্গলবার বিকালে শিশুপার্ক থেকে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট পর্যন্ত ব্যাপ্ত এই মানববন্ধন থেকে ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে এ ধরনের কর্মসূচি থেকে কর্মীদের বিরত থাকার নির্দেশ দেয়ার জন্য আহ্বান জানান।
‘প্রজন্ম একাত্তর’-এর সভাপতি শাহীন রেজা নূরের সভাপতিত্বে এবং ডা. নুজহাত চৌধুরীর পরিচালনায় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ, সহ-সভাপতি গোলাম কুদ্দুস এবং সাধারণ সম্পাদক হাসান আরিফ।
এছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. কামরুল হাসান খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অভিনেতা অনন্ত হীরা এতে সংহতি জানান।
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর পক্ষে হুমায়ুন কবীর, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রাশেদুজ্জামান শাহীন ও নুরুজ্জামান ভুট্টো মানববন্ধনে বক্তব্য রাখেন।
