স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার ফিরছেন রাষ্ট্রপতি
চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার শেষে শুক্রবার রাতে দেশে ফিরছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম মঙ্গলবার বিডিনিউজকে টেলিফোনে বলেন, “স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী শুক্রবার রাত ৯টায় রাষ্ট্রপতির দেশে পৌঁছানোর কথা রয়েছে।”
গত রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানমসহ পরিবারের কয়েকজন সদস্য এবং প্রেস সচিব ইহসানুল করিমও এই সফরে তার সঙ্গে রয়েছেন ।
প্রেস সচিব জানান, মঙ্গলবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির হৃদযন্ত্রের কিছু পরীক্ষা হয়।
এছাড়া তিনি চোখের চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে।
ফাইল ছবি
রাষ্ট্রপতির একজন আত্মীয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরে গ্লুকোমার চিকিৎসা করাচ্ছেন। এবার এরসঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও হবে।”
রাষ্ট্রপতি হওয়ার পর এ নিয়ে তৃতীয়বার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন আবদুল হামিদ। এর আগে গত মে ও অগাস্টেও তিনি সিঙ্গাপুরে যান।
“গত অগাস্টেই চিকিৎসকরা বলেছিলেন, রাষ্ট্রপতিকে আবার যেতে হবে। চিকিৎসকের দেয়া সময় অনুযায়ীই তার এবারের সফর।”
গত ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতির দায়িত্ব নেয়া আবদুল হামিদ স্পিকার হিসাবে দায়িত্ব পালনের দিনগুলোতেও চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন।
বঙ্গভবনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঙ্গাপুরে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীরা অবস্থান করছেন ইয়র্ক হোটেলে।
বুধবার স্থানীয় সময় বিকেল ৫টায় সিঙ্গাপুরের বাংলাদেশ হাউজে চা চক্রে অংশ নেবেন আবদুল হামিদ। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার দেশে ফিরবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেন, একান্ত সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দীন আহমেদ, ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে আবদুল হামিদের সঙ্গে আছেন।
