২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরের কথা মনে করিয়ে দেয়: খালেদা

দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে মধ্যরাতের পর গ্রেপ্তার এবং দলের সদরদপ্তর ‘ভাঙচুর ও লুণ্ঠনের’ ঘটনাকে ‘বিজয়ের মাসে হানাদার বাহিনীর আক্রমণের’ সঙ্গে তুলনা করেছেন বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 11:16 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার রাতে সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, “দলের পক্ষে যাকেই দায়িত্ব দেয়া হচ্ছে তাকেই মিথ্যা অভিযোগে মামলা দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। বিএনপি’র সদর দপ্তরে হামলা করে যে পন্থায় মধ্যরাতের পর যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে গ্রেপ্তার ও দলীয় অফিস ভাংচুর ও লুণ্ঠন করা হয়েছে তা হানাদার বাহিনীর আক্রমণের কথাই মনে করিয়ে দেয় বিজয়ের মাস ডিসেম্বরে।”

আরেক যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি ও ঢাকার বাসায় পুলিশের তল্লাশির কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “দলের পক্ষে কথা বলার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গেই মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ ও গোয়েন্দা লেলিয়ে দেয়া হচ্ছে।

“সালাহউদ্দিন আত্নগোপন থেকে দলের বক্তব্য নানা রকম ঘুরপথে দলের বক্তব্য প্রচারের চেষ্টা করে যাচ্ছে।”