২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গোলাম রব্বানীর বাড়িতে হামলার কয়েক ঘণ্টা পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:58 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সন্ধ্যায় এই ঘটনার সময় কয়েকটি হাতবোমর বিস্ফোরণও ঘটানো হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিবুর রহমান। 

তাজিবুর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।

এ সময় অন্তত ১০টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে তারা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে দমকল বাহিনী এসে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষতি হয়নি বলেও জানান তাজিবুর।

চাঁপাইনবাবগঞ্জের সহকারী পুলিশ সুপার ওহিদুল ইসলাম জানান, দূর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কানসাট আন্দোলনের নেতা এবং আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গোলাম রব্বানীর বাড়িতে অবরোধকারীদের হামলায় একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা সদর এবং কানসাট ইউনিয়নে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।