রাঙামাটিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩
রাঙামাটির লংগদু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে জেলা প্রশাসনের দুই কর্মচারীসহ তিন জন আহত হয়েছেন।
রাঙামাটির লংগদু উপজেলার কাপ্তাই হ্রদ এলাকার কাটতলীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে জেলা প্রশাসনের দুই কর্মর্কর্তাসহ তিন জন আহত হয়েছেন।
সোমবার বিকালে কাটতলী এলাকায় এ হামলায় আহতরা হলেন কানুনগো বাচ্চু মনি চাকমা, সার্ভেয়ার রিপন চাকমা ও স্পিড বোট চালক নাসির। এদের মধ্যে বাচ্চু ও নাসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার আমেনা বেগম জানান, সকালের দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ করতে যান।
বিকালে স্পিড বোটযোগে রাঙামাটি ফেরার পথে কাটতলীর মাইচছড়ি এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত ব্রাশ ফায়ার করে।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা ওই তিনজন আহত হন।
কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি বলে জানান পুলিশ সুপার।
