২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্ট্যান্ডার্ডে নাশকতায় গ্রেপ্তার ৪১

গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2013, 07:27 PM

Updated : 23 Aug 2022, 07:23 PM

সোমবার সকালে পুলিশ সুপার আব্দুল বাতেন তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এ সময় গাজীপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল খায়ের, পরিদর্শক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার (এসপি) বলেন, ঘটনাটি পরিকল্পিত কি না, কোনো রাজনৈতিক কিংবা ব্যক্তিকেন্দ্রিক ষড়যন্ত্র কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনা তদন্তে চারটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস বিজিইএমইএ একটি করে কমিটি করে আগে।

সোমবার গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সঞ্জিত কুমার রায়কে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

এসপি জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায়  তিনদিনে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কমিটিতে থাকবেন শিল্পাঞ্চল পুলিশের পরিচালকের গাজীপুরের একজন প্রতিনিধি, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আবুল খায়ের, বিশেষ শাখার উপ-পরিদর্শক মো. দেলোয়ার হোসেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন ও কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রবিউল ইসলাম।

এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানায় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এতে কারখানার সীমানা প্রাচীরের ভেতরে থাকা ১৯টি কাভার্ডভ্যান ও চারটি মাইক্রোবাসসহ পুরো কারখানা ভস্মীভূত হয়।

এ ঘটনায় অন্তত এক হাজার ২০২ কোটি টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যাটিক্সপোর্ট (বাংলাদেশ) লিমিটেড কারখানার মানবসম্পদ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ছাইফুর রহমান বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা করেছেন।