বাণিজ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে বোমা
অবরোধের তৃতীয় দিনে লালমনিরহাটে বাণিজ্যমন্ত্রী জিএম কাদেরের বাড়ি লক্ষ্য করে তিনটি হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা।
সদর থানার এএসআই আলমগীর হোসেন জানান, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের হাসপাতাল রোড এলাকায় মন্ত্রীর বাড়ির সীমানা প্রাচীরে পরপর তিনটি হাতবোমা ফাটানো হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি তাজা হাতবোমাও উদ্ধার করে বলে জানান তিনি।
লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিএম কাদেরের গ্রামের বাড়িতে ওই সময় একজন ‘কেয়ারটেকার’ ছাড়া আর কেউ ছিলেন না।
ফাইল ছবি
দশম জাতীয় সংসদ নির্বাচনে জিএম কাদের লালমনিরহাট-৩ আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন।
গতবারের নির্বাচনে এই আসন থেকেই তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন এবং প্রথমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং পরে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পান।
জাপা চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই কাদের নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায়ও দায়িত্ব পালন করছেন।
