২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর

অবরোধের দ্বিতীয় দিন রোববার নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 10:28 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা, ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ, হাজীগঞ্জ ও চাঁদমারী এলাকায় ৫টি গাড়িতে অগ্নিসংযোগ এবং অন্তত ১০/১২টি গাড়ি ভাংচুর করা হয়।

এসব  ঘটনায় অন্তত ১০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, সকাল ৭টার দিকে উপজেলার সাইলো এলাকায় আদমজী ইপিজেডের ডিএনভি ক্লথ লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের গতিরোধ করে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা।

এতে ওই বাসে থাকা ৭ যাত্রী আহত হয়। আগুনে বাসের সিটগুলো পুড়ে গেছে। পরে এলাকার লোকজন ও পুলিশ গিয়ে বালু দিয়ে বাসটির আগুন নেভায়।

অন্যদিকে সকাল ৭টায় শহরের হাজীগঞ্জ এলাকায় মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে পেট্রোল ঢেলে আগুন দেয় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। বিস্ফোরণ ঘটায় কয়েকটি ককটেলের।

পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে তারা পালিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।

তিনি আরো জানান, হাজীগঞ্জ পুলিশ বক্সের পিছনে কিছু পিকেটার একটি গাড়িতে ঢিল ছুড়লে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের যাত্রামুড়া এলাকায় কাগজ মিলের সামনে কাগজ ভর্তি তিনটি ট্রাক ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে পিকেটাররা এ ট্রাক তিনটিতে অগ্নিসযোগ করলেও পুলিশের দাবি পিকেটাররা আগুন দেয়নি।

রুপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনাটির সাথে অবরোধের সম্পর্কে নেই। মশার কয়েল থেকে আগুন লেগেছে।

অন্যদিকে সকাল ১০টায় আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দ্রী বাজারে অবরোধকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে।

পরে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, দুপুর ২টার দিকে শহরের চাঁদমারী এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে আহত হয়েছে অন্তত ৩ জন। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক প্রায় ২০ মিনিট  যান চলাচল বন্ধ ছিল।