মাহফুজ উল্লাহকে দাঁড় করিয়ে রাখল ট্রাইব্যুনাল
বিচারাধীন বিষয় নিয়ে টকশোতে বিরূপ মন্তব্য করায় ট্রাইব্যুনালে হাজিরা দিলেন সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ।
রোববার সকালে আদালত শুরু হলে তাকে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল; আদেশ অনুযায়ী তিনি ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
’৯০ এর দশকের শুরুতে ডেইলি স্টার ও ইনডিপেন্ডেন্টে কিছুকাল কজে করেছিলেন মাহফুজ উল্লাহ। এর আগে তিনি বিচিত্রায় কাজ করেন।
এইচ এম এরশাদের সামরিক শাসনামলে কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বিচারপতি এটিএম ফজলে কবীরের দায়িত্বে থাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রোববার সকালে হাজির হন মাহফুজ উল্লাহ।
আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে তার পক্ষে আবেদন করেন ব্যারিস্টার রুমীন ফারহানা। এ আবেদনের শুনানির জন্য আগামী ২৪ ডিসেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।
ওই দিন গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি হওয়ার কথা।
গত ২৮ নভেম্বর এক প্রজ্ঞাপনে মাহফুজ উল্লাহকে রোববার আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেয় ট্রাইব্যুনাল।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহফুজ উল্লাহকে তলব করে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ওইদিন ডা. জাফরুল্লাহ চৌধুরী হাজির হলেও মাহফুজ উল্লাহ দেশে না থাকায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন।
আদালত অবমাননার রুল জারি করার পরে এই প্রথম ট্রাইব্যুনালে হাজির হলেন মাহফুজ উল্লাহ। তবে ডা. জাফরউল্লাহ চৌধুরী গত ১০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির হয়ে তার লিখিত জবাব দাখিল করেন এবং নিজেই এর শুনানি করার জন্যও আবেদন জানান।
গত ২৮ নভেম্বর আদালত শুরু হলে মাহফুজ উল্লাহ পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম আবারো এক সপ্তাহের সময় আবেদন করেন। তবে আগামী ১ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেন বিচারকরা।
গত ৬ নভেম্বর চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আনীত আদালত অবমাননার অভিযোগের বিষয়ে জবাব দাখিল করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী মো. আসাদুজ্জামান।
গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষসহ আটজনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।
এরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বের প্রযোজক, অনুষ্ঠানটির সঞ্চালক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ।
জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।
ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।
তাদের আবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন যে, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে আশঙ্কা করা হয় অভিযোগ পত্রে।
অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, অসৎ উদ্দেশ্যপ্রসূত’ উল্লেখ করে আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে অপপ্রচারের উদ্দেশ্যেই ওই মন্তব্য করা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রসিকিউশনের আবেদনে।
ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য করায় এর আগে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দলটির ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে দেয়া হয় এক দিনের কারাদণ্ড।
