২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধাওয়ায়’ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে ট্রাকের চাপা 

সাতকানিয়ায় অবরোধকারীদের ছোড়া পাথরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় নিহত হয়েছেন এক পথচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 09:24 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিমাই নাথ (৪০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি এলাকার বাসিন্দা। তিনি পেশার রঙ মিস্ত্রী।

লোহাগাড়া উপজেলায় কাজ শেষে নিমাই তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সাতকানিয়া থানাধীন কেরানিহাট সংলগ্ন আন্ধারমানিক মাজার এলাকায় মিনি ট্রাকটিকে ধাওয়া দেয় অবরোধকারীরা।

এসময় অবরোধকারীরা ট্রাক লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নিমাইকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবরোধের কারণে যান চলাচল কম থাকায় অনেকে হেঁটে যাতায়াত করছিলেন।

“আন্ধারমানিক এলাকায় সড়কে পর্যাপ্ত আলো নেই। দ্রুত গতির মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিমাইকে চাপা দেয়।”

অবরোধকারীদের ধাওয়ার পর ট্রাকটি উল্টে যায় কি না জানতে চাইলে এএসপি এমরান বলেন, সেরকম কিছু ঘটেছে বলে জানতে পারিনি।