বোমা বানাতে বিস্ফোরণে কব্জি উড়ে গেছে
হাতবোমা বানানোর সময় বিস্ফোরণে ফরিদপুর সদরে এক যুবকের দুই হাতের কব্জি উড়ে গেছে।
শনিবার সন্ধ্যায় অম্বিকাপুর ইউনিয়নের চর আদমপুর গ্রামে এ বিস্ফোরণে আহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩৬)।
আহত জিল্লুর রাজবাড়ীর পাংশা উপজেলার জামাল সরদারের ছেলে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক জানান, চর আদমপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটলে জিল্লুরের দুই হাতের কবজি উড়ে যায়।
তিনি আরো বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।
ওই বাড়ি থেকে জিল্লুরকে আটকের সময় সেখানে হাতবোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
