নির্বাচনী কাজে বাধা দিলেই ব্যবস্থা: হাফিজ
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে তাদের করার কিছু নেই। তবে মনোনয়নপত্র দাখিলসহ নির্বাচনী কাজে কেউ বাধা দিলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
শনিবার নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোট হবে। এর আগে ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন দাখিলের সময়সূচি রয়েছে।
তফসিল ঘোষণার পর তা স্থগিত করার দাবি জানিয়ে হরতাল-অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ২ ডিসেম্বর সকাল ৬ টা পর্যন্ত দ্বিতীয় দফায় অবরোধ রয়েছে বিরোধী দলের।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, “অবরোধ রাজনৈতিক কর্মসূচি। তাদের যাকে সাড়া দিয়ে লোকজন ঘরে বসে থাকলে করার কিছু নেই। কিন্তু যারা নির্বাচনে অংশ নিতে চায় তাদের বাধা দিতে পারবে না কেউই।”
নির্বাচনী কাজে বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা না চালিয়ে আচরণবিধি অনুসরণে সব রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি অনুরোধ জানান এ নির্বাচন কমিশনার।
নির্বাচনকালীন এ সময়ে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হবে বলে জানান তিনি।
“অনুমতি নিয়ে সভা-সমাবেশে বাধা নেই। নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোকে তো সভা-বৈঠক করতে হবে। তবে প্রচারণার সময়ের আগে কোনো সভা-সমাবেশে ভোট চাইতে পারবে না কেউই।”
আচরণবিধি অনুযায়ী, ভোটের অন্তত ২১ দিন আগে কোনো প্রচারণা চালানো যাবে না। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীদের প্রচারণার সুযোগ রয়েছে। ইতোমধ্যে আগাম প্রচারণামূলক সব ধরনের পোস্টার-বিলবোর্ড স্বউদ্যোগে সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।
