ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধের সমর্থনে বিএনপির একটি মিছিল পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে শহরের পাওয়ার হাউজ সড়কে সংঘর্ষ শুরু হয় বলে পুলিশ জানায়।
এ সময় বিএনপিকর্মীরা পুলিশকে লক্ষ্য করে অন্তত অর্ধশত হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।
সংঘর্ষে পুলিশ কনস্টেবল আরিফ রব্বানিসহ (২২) বিএনপির ১৫ নেতাকর্মী আহত হন বলে জানান সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম।
ঘটনার পর শহরের পাওয়ার হাউজ সড়ক, কালিবাড়ি মোড়, টি.এ. রোড ও গোকর্ন রোডে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে পাওয়ার হাউজ সড়ক থেকে অবরোধকারী বিএনপিকর্মীরা কালিবাড়ি মোড়ে অবস্থানরত পুলিশের দিকে হাতবোমা ছুড়তে শুরু করে।
এক পর্যায়ে পুলিশ সদস্যরা পাওয়ার হাউজ সড়কের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে এবং তোফায়েল আজম কিন্ডারগার্টেন এলাকায় বিএনপিকর্মীরা অবস্থান নেয়। প্রায় একঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এ সময় কিন্ডার গার্টেনের শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
