২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের আগুন: পুড়ল ওষুধ, ছাই হল ধান

অবরোধ শুরুর আগেই রাজশাহীতে পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়েছে, এর মধ্যে ধানের ট্রাক ও ওষুধের গাড়িও রয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:37 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

শনিবার ভোর ৪টার দিকে নগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই গাড়িগুলোতে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ধানের ট্রাকগুলো নওগাঁ থেকে কুষ্টিয়া যাচ্ছিল এবং ওষুধের মাইক্রোবাসটি ঢাকা থেকে রাজশাহী আসছিল।

মতিহার থানার ওসি আবদুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৪টার দিকে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে রেখে গাড়িগুলো থামায় অবরোধকারীরা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় তারা।

খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নির্দলীয় সরকারের দাবিতে তিন দিন অবরোধের পর শনিবার সকাল ৬টা থেকে একই কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আগের অবরোধেও রাজশাহীতে বহু গাড়ি ভাংচুর ও পোড়ানো হয়েছে। সারাদেশে ৭১ ঘণ্টার অবরোধে ২০ জন নিহত হন।