২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকোরিয়ায় সংঘর্ষে নিহত ১

কক্সবাজারের চকোরিয়া উপজেলায় বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট পুলিশসহ আরো অন্তত ৩০ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শুক্রবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চকোরিয়া শহরের বাস স্টপেজ এলাকায় দুই দফায় এ সংঘর্ষ হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ জানান, সংঘর্ষে জাকের হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন। তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জাকের চকোরিয়া পৌর এলাকার মৃত আকবর হোসেনের ছেলে।

তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে বিএনপি। তবে জাকের কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে চকোরিয়া বাস টার্মিনাল এলাকায় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিমের জানাজা হয়। এরপর বিএনপির একদল কর্মী চকোরিয়া থানার সামনের মোড়ে দাঁড়ানো কয়েক পুলিশ সদস্যকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

তখন বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে চকোরিয়া বাস স্টপেজ এলাকায় গিয়ে যানবাহন ভাংচুর করতে শুরু করে। এ সময় অন্তত ৩০টি যানবাহন ভাংচুর হয়।

ভাংচুরে বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় বিএনপি কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  বিকাল ৪টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ।

এরপর বিকাল সাড়ে ৪ টার দিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এসে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া দিলে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়।

চকোরিয়া পৌর মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দার জানান, গুরুতর আহত জাকেরকে প্রথমে চকোরিয়া জমজম হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জাকের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য বলেও দাবি করেন তিনি।

সংঘর্ষে তাদের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

চকোরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সংঘর্ষে পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন।

চকোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সংঘর্ষে আহত পাঁচ জনকে তাদের ওখানে ভর্তি করা হয়েছে।

অবরোধের প্রথম দিন আটকের পর বুধবার জামিনে মুক্তি পান হালিম। এরপর হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশি নির্যাতনে তার মৃত্যু হয়েছে অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার  কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।