২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবদল নেতার লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নিহত মনির হোসেন (৩৫) উপজেলার করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। উপজেলার গাজীপুর গ্রামের কলিমউল্যার ছেলে তিনি।

শুক্রবার সকালে একই উপজেলার ভাটরা ইউনিয়নের নান্দিয়া পাড়ায় একটি ইটভাটার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।  

চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের প্রতি অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।

রামগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, নিহত মনির দেড় বছর কারাদণ্ড ভোগ করে সম্প্রতি জেল থেকে ছাড়া পান।

মনির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন জানিয়ে তিনি বলেন, “সন্ত্রাসী গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে  ধারণা করা হচ্ছে।”

ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পরিবারের সদস্যরা জানান, কিছু দিন ধরে মনিরকে মোবাইলে ফোন করে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিল একটি গোষ্ঠী।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কে বা কারা মোবাইলে তাকে ডেকে নেয়ার পর তার  আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

জেলা বিএনপির সহসভাপতি মুনির আহম্মেদ বলেন, “মনির হোসেন যুবদলের করপাড়া ইউনিয়নের যুগ্ম-আহবায়ক। তাকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে।”