২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালক এবং চিনিকল কারখানায় দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2013, 01:34 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আখের ছোবড়া বহনকারী যন্ত্রের (ব্যাগাজ ক্যারিয়ার) ভেতরে পড়ে শ্রমিক আব্দুল ওহাব (৩৮) গুরুতর আহত হন। তার হাত, পা ও মাথা থেঁতলে যায়।

ওহাবকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের বাড়ি সদর উপজেলার তেবাড়িয়া ইউনিযনের নেংগুড়িয়া গ্রামে।

এদিকে ভোরে নাটোর-পাবনা মহাসড়কে লালপুর উপজেলার দাঁইড়পাড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে।

বনপাড়া মহাসড়ক পুলিশের এসআই মাসুদ পারভেজ জানান, ভোর ৬টার দিকে সিংড়া থেকে পাবনাগামী প্রাইভেটকারটি দাঁইড়পাড়া এলাকায় সড়ক থেকে পাশের একটি পুকুরে ছিটকে পড়ে।

নিহত চালক সুজারুল ইসলামের (৩২) বাড়ি জেলার সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে।

লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, স্থানীয়রা প্রাইভেটকারটি উদ্ধার করেছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।