২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমা হত্যাকাণ্ড: স্বামী প্রহ্লাদের ৩৫ বছর কারাদণ্ড

২০ বছরপর গৃহবধূ সীমা মিত্র হত্যামামলার রায়ে স্বামী প্রহ্লাদ চন্দ্র দে বিকাশকে ৩৫ বছর কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:10 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ এএইচএম হাবিবুর রহমান ভূঁইয়া আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে পলাতক আসামি রিনা সরকার তৃপ্তিকে খালাস দেয়া হয়।

প্রহ্লাদ দে আইনজীবী ছিলেন। তবে হত্যাকাণ্ডের পর তিনি এ পেশায় যোগ দেন।

রায়ে আসামিকে ১০ হাজার টাকা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দিতে না পারলে আরো এক বছর তাকে কারাভোগ করতে হবে।

১৯৯৩ সালের ৬ ডিসেম্বর অন্তঃসত্ত্বা সীমাকে রাজধানীর নয়াটোলার চেয়ারম্যান গলির একটি ভাড়া বাসায় পুড়িয়ে হত্যা করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, তৃপ্তির সঙ্গে বিয়ের আগে প্রহ্লাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও ওই সম্পর্ক রাখায় সীমার সঙ্গে স্বামীর ঝগড়া হত।

তৃপ্তি ছিলেন নার্স। সীমা তেজগাঁও ভূমি রিপোর্ট ও জরিপ অধিদপ্তরে কাজ করতেন।

ভোলার বোরহানউদ্দিনে সীমার গ্রামের বাড়ি। পুরান ঢাকার লক্ষ্মীবাজারে তার স্বজনরা থাকেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সীমার মৃত্যুর পর হত্যা মামলা দায়ের হয়নি। হয়েছিল দুটো সাধারণ ডায়েরি। পরে সিআইডি তদন্ত করে হত্যামামলা করে।