২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের তৃতীয় দিনে ভাংচুর-সহিংসতা

তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের ৭১ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থানে ভাংচুর ও সংঘর্ষ ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 07:04 PM

Updated : 26 Jul 2022, 03:06 PM

বৃহস্পতিবার সকালে রাজশাহীতে পুলিশের গাড়িতে এবং রাজধানী ঢাকায় কয়েকটি গণপরিবহনে আগুন দিয়েছে অবরোধকারীরা। বিভিন্ন জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অবরোধকারীরা।

পটুয়াখালী, রাজশাহী ও সিলেটে পুলিশ-অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানিয়েছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের এই রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চলবে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত। এই কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এই তিন দিনে সারা দেশে রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক নাশকতা চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী কার্যালয়ে হামলা এবং যানবাহনে আগুন দিয়েছে অবরোধকারীরা।

পটুয়াখালীতে পুলিশসহ আহত ৫০

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের তেলিখালী এলাকায় বৃহস্পতিবার র্যাব-পুলিশ ও অবরোধকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে পাঁচ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

জেলার পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, শটগানের গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে কনস্টেবল মো. হাসান, মো. ইব্রাহীম, তরিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন ঘটনাস্থলে থাকা এএসপি (সদর সার্কেল) মো. আনছার উদ্দিন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রহমান জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রব মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান টোটন, জেলা মহিলা দলের সভানেত্রী জেসমিন জাফর পুলিশের  লাঠিপেটায় আহত হয়েছেন।

এছাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান টিটু, ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ পাঁচজন রাবার বুলেটে আহত হয়েছেন বলে জানান তিনি।

তাদেরকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটে আহত ৪০

সিলেটের বিয়ানীবাজার ও নগরীর হুমায়ুন রশিদ চত্বরে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

দক্ষিণ সুরমা থানার ওসি রঞ্জন সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ছাত্রদল ও ছাত্রশিবিরকর্মীরা হুমায়ুন রশিদ চত্বরে আবরোধ করলে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় অন্তত ১৫ জন আহত হন।

এদিকে মিছিলে বাধা দেয়ার পর বিয়ানীবাজার উপজেলা সদরে পুলিশের সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন।

বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ১৮ দলকর্মীরা ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক ও জনতা ব্যাংকসহ অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে।

অবরোধকারীদের গুলিতে পুলিশের এক সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও গুলি ছুড়তে হয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সাভারে পুলিশ-বিএনপি সংঘর্ষ

অবরোধের তৃতীয় দিনে সাভারে গাড়ি ভাংচুর ও হাতবোমা ফাটানোর পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যন্ডে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও বিএনপি কর্মীদের এ সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধকারীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে যানবাহন ভাংচুর শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ শুরু হয়। পরে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে বলে সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান।

ঢাকা জেলা মহিলা দলের নেতাকর্মীরা সাভারের বিশমাইল এলাকায় ঝাড়ু মিছিল করে। পরে মহাসড়কে কয়েকটি যানবাহন ভাংচুর করা হয় বলে প্রত্যক্ষদশর্মীরা জানান।

মাদারীপুরে ট্রাকে আগুন

মাদারীপুরের শিবচরে অবরোধের মধ্যে সিমেন্ট বোঝাই একটি ট্রাক পুড়িয়েছে দিয়েছে ১৮ দলীয় জোট কর্মীরা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে কাওরাকান্দি-শিবচর সড়কের বাহাদুরপুরের ব্যঙচোরা এলাকায় গাছ কেটে সড়ক আটকে দেয় অবরোধকারীরা। এ সময় ঢাকা থেকে শিবচরগামী সিমেন্টবোঝাই ট্রাকটি সেখানে গেলে চালক দেলোয়ার শেখ ও তার সহকারী হালান শেখকে মারধর করে নামিয়ে দেয়া হয়।

এরপর অবরোধীকারীরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন দেয় বলে শিবচর থানার ওসি মাসুদউদ্দিন সাংবাদিকদের জানান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুরে রেল লাইনে আগুন, লঞ্চে হামলা

অবরোধের তৃতীয় দিন সকালে চাঁদপুরে আগুন জ্বালিয়ে রেল লাইন অবরোধের পাশাপাশি লঞ্চে হামলা চালিয়েছে ১৮ দলের নেতাকর্মীরা।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর জানান, এসব ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে আট অবরোধকারীকে আটক করা হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে শহরের ‘কোর্ট স্টেশন’ এলাকায় রেললাইনের ওপর কাঠ জড়ো করে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে তা নেভায়।

একই সময় চাঁদপুর লঞ্চঘাটে ভেড়ানো ‘ঈগল’ লঞ্চে হামলা চালায় ছাত্রদল কর্মীরা। পরে পুলিশ এলে তারা পালিয়ে যায়।

এছাড়া চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা, মহামায়াসহ জেলার ফরিদঞ্জে ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা।

বান্দরবানে আ.লীগ নেতার বাসায় বোমা হামলা

বিরোধী দলের অবরোধের মধ্যে বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংরিমং মারমা এবং সহ-সভাপতি ও আলীকদম সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিনের বাড়িতে দুটি হাতবোম ফাটিয়েছে দুর্বৃত্তরা।

ভোররাতে একই সময়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আলীকদম থানার ওসি মোহাম্মদ হোসাইন জানান।

যশোরে লাশ নিয়ে মিছিল

যশোরে দুর্বৃত্তের গুলিতে নিহত জামায়াত নেতা আবু সিদ্দিকী বুলবুলের লাশ নিয়ে কেন্দ্র ঘোষিত হরতাল ও জেলা ১৮ দলের হরতালের মধ্যে মিছিল করেছে জোটের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গ থেকে মরদেহ নিয়ে মিছিল করে নিহতের উপশহরের বাড়িতে যান তারা। সেখানে জানাজার পর বুলবুলের লাশ দাফন করা হয় বলে জেলা জামায়াতে সেক্রেটারি নূরুন্নবী মাস্টার জানান।

জামায়াত নেতা বুলবুল হত্যার প্রতিবাদে যশোরে জেলা ১৮ দল এই হরতাল ডাকে। এ কর্মসূচিতে জামায়াত নেতা-কর্মীরা সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে মিছিল করে।

কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, সারাদিনে কোথাও বড় কোনো গোলযোগ ঘটেনি।

বুধবার রাত পৌনে ৮টার দিকে যশোর সদরের উপশহর ইউনিয়ন জামায়াতের সেক্রটারি আবু সিদ্দিকী বুলবুল (৩৫) নিজের বাড়িতে দুবৃত্তের গুলিতে নিহত হন।

সিরাজগঞ্জে জামায়াতের লাঠি মিছিল

অবরোধ চলাকালে নেতাকমী নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে শেষ হয়েছে।

সকালে শহরের সমাজকল্যাণ মোড়ে জামায়াতকর্মীরা একটি লাঠি মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তারা সটকে পড়ে।

বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডিদাসগাতিতে জামায়াতকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ দেখে সরে যায়।

এদিকে এনায়েতপুর থানার কেজির মোড় এলাকায় পিকেটারদের ছোড়া ককটেলের আঘাতে হেলেনা খাতুন নামে এক নারীসহ তিনজন আহত হয়েছেন।

তাদের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নোয়াখালীতে সড়ক অবরোধ

জেলা শহরের মাইজদী, সোনাপুর, দত্তেরহাট, রশিদ কলোনীসহ বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

অবরোধের সমর্থনে সকাল থেকে মাইজদী, চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে নয় জনকে আটক করা হয়েছে। নাশকতা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে পুলিশ।