২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফুজ উল্লাহকে ট্রাইব্যুনালে তলব

টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্যের জন্য মাহফুজ উল্লাহকে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

তাকে আগামী ১ ডিসেম্বর বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হতে হবে।

চ্যানেল টোয়েন্টিফোরের ওই অনুষ্ঠানের আরেক আলোচক গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকেও আদালত তলব করেছিল।

গত ২৬ সেপ্টেম্বর ওই আদেশের পর জাফরুল্লাহ চৌধুরী হাজির হলেও মাহফুজ উল্লাহ দেশে না থাকায় তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেছিলেন।

তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ২৪ ডিসেম্বর পরবর্তী তারিখ ঠিক করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আদালতের কার্যক্রম শুরু হলে মাহফুজ উল্লাহ পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম আবার এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। এরপর আদালত ১ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দিন ধার্যম করে।

অন্যদিকে জাফরুল্লাহ চৌধুরী হাজির হয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়ে ট্রাইব্যুনালকে বলেন, “অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও ট্রাইব্যুনালকে সম্মান দেখিয়ে এসেছি।”

গত ৬ নভেম্বর চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আনীত আদালত অবমাননার অভিযোগের বিষয়ে জবাব দাখিল করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী মো. আসাদুজ্জামান।

জবাবে বলা হয়, যে প্রক্রিয়ায় চ্যানেল টোয়েন্টিফোরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে, তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি। প্রসিকিউশন চ্যানেল টোয়েন্টিফোরের কিছু পদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে, তাতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। এটি একটি ভ্রান্ত ধারণা।

গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত বরাবর প্রসিকিউশনের পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষসহ আটজনকে বিবাদী করে অভিযোগ দাখিল করা হয়।

এরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, হেড অব প্রোগ্রাম, ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বের প্রযোজক, অনুষ্ঠানটির সঞ্চালক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মাহফুজ উল্লাহ।

জেয়াদ আল মালুম ও তুরিন আফরোজসহ কয়েকজন প্রসিকিউটর ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেন।

ট্রাইব্যুনাল আইনের ১১ এর ৪ ধারায় কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হবে না তা জানতে আদেশ চাওয়া হয়েছে প্রসিকিউশনের আবেদনে।

তাদের আবেদনে বলা হয়, গত ১৮ সেপ্টেম্বর চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে দুই আলোচক দাবি করেন যে, অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর অধিকার খর্ব করা হয়েছে। এতে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ সৃষ্টি হবে।

ওই অনুষ্ঠানে প্রচারিত বক্তব্য ‘পক্ষপাতদুষ্ট, ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, অসৎ উদ্দেশ্যপ্রসূত’ উল্লেখ করে আবেদনে বলা হয়, ট্রাইব্যুনালের প্রক্রিয়া সম্পর্কে অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যেই ওই মন্তব্য করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচার নিয়ে মন্তব্য করায় অবমাননার অভিযোগে এর আগে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সাংসদ হামিদুর রহমান আযাদকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দলটির ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনকে দেয়া হয় এক দিনের কারাদণ্ড।