২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ছাত্রলীগের মিছিলে শিবিরের হামলা, আহত ৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মিছিলে শিবিরের হাতবোমা হামলায় সংগঠনের তিন নেতাসহ পাঁচজন আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 02:10 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন কাজলার মোড়ে এই হামলা হয় বলে পুলিশ জানায়।

এতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়া সম্পাদক লিঙ্কন মাহমুদ, উপপ্রচার সম্পাদক মোজাহার শুভ্র ও কর্মী পলাশ আহত হন। এ সময় সেখানে দায়িত্বরত দৈনিক সকালের খবরের ফটো সাংবাদিক আজহার উদ্দিন ও এটিএন নিউজের ক্যামেরাপার্সন রুবেল হোসেনও আহত হয়েছেন।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মতিহার থানার ওসি

আব্দুল মজিদ জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করি। মিছিলটি কাজলার মোড়ে যাওয়ার আগেই শিবির অতর্কিতে বোমা হামলা চালায়।”

হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে।

ওসি জানান, মিছিলে হাতবোমা বিস্ফোরণের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, শর্টগানের গুলি ও কাঁদুনে গ্যাস ছোড়ে।