গাজীপুরে দুর্ঘটনায় ‘নেসলের’ দুই কর্মী নিহত
গাজীপুরের রাজেন্দ্রপুরে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নেসলে কারখানার দুই কর্মী নিহত হয়েছেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. রিয়াজ জানান, বুধবার সকাল সোয়া ৬টার দিকে হালডোবা এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফখরুল আলম (৪৫) ও মো. আবুল খায়ের চৌধুরী (৪০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসআই বলেন, সদরের চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে কারখানায় যাওয়ার পথে একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
ময়নাতদন্তের জন্য তাদের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
