রাজেন্দ্রপুরে ট্রেন লাইনচ্যুত
বিরোধী দলের অবরোধে রেলপথে নাশকতার মধ্যে মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি ট্রেনের ইঞ্জিনসহ ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।
এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল রাত সোয়া ১০টা থেকে বন্ধ রয়েছে।
টঙ্গী রেল স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ১০টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন থেকে একটু দূরে তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণার ছয়টি বগি লাইনচ্যুত হয়।
তবে জিআরপি পুলিশের এএসআই দাদন মিয়া বলেন, ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
তবে এর কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্টেশন মাস্টার বলেন, “এ ঘটনাটি নাশকতার কারণে ঘটে থাকতে পারে।”
অবরোধের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নাটোর, লালমনিরহাটসহ বিভিন্ন স্থানে নাশকতায় ট্রেন চলাচল দারুণভাবে ব্যাহত হয়।
রাজেন্দ্রপুরে দুর্ঘটনার পর ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেসকে টঙ্গী থেকে ঢাকায় ফিরিয়ে দেয়া হয়েছে। এছাড়া ঢাকা থেকে হাওর এক্সপ্রেসের যাত্রা স্থগিত করা হয়েছে।
