অধ্যক্ষের হাত-পা ভেঙেছেন ‘শিক্ষকরা’
জামালাপুরের সরিষাবাড়ি উপজেলায় এক মাদ্রাসার অধ্যক্ষকে মারধর করে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে এ হামলায় গুরুতর আহত হন আরামনগর কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল হুদা আবেদী (৫৫)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অধ্যক্ষের ছেলে নাইমুল হুদা জানান, অধ্যক্ষ নুরুল হুদা আবেদী ও উপাধ্যক্ষ আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এই বিরোধের জেরে উপাধ্যক্ষের নেতুত্বে প্রভাষক শামীম হুসাইন সোহেল, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, সুরুজ মিয়া ও কেসমত আলীসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা বেলা ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে এবং তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে।
পরে মাদ্রাসার কর্মচারীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মাদ্রাসার প্রভাষক শামীম হুসাইন সোহেল জানান, তিনি পরীক্ষার দায়িত্বে ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত নন।
উপাধ্যক্ষ আব্দুর রশিদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
আরামনগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হান্নান জানান, মাদ্রাসার শিক্ষকরা যেভাবে অধ্যক্ষকে পিটিয়েছেন তা নজিরবিহীন। সভা আহবান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সরিষাবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এালাহী আখন্দ জানান, অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যারা এভাবে অধ্যক্ষকে পিটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম কামরুল আহসান জানান, অধ্যক্ষের উপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামালপুর-সরিষাবাড়ি আসনের সাংসদ ও আরামনগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মুরাদ হাসান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
