কারাভোগ শেষে দেশে ফিরেছে ২২ তরুণী
অবৈধ অনুপ্রবেশের দায়ে দুবছর কারাভোগের পর দেশে ফিরেছেন ২২ বাংলাদেশি তরুণী।
মঙ্গলবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বেনাপোল সীমান্তে তাদেরকে হস্তান্তর করে।
এরা হলেন জামিলা (২২), জেসমিন (১৭), নাজমা (১৯), রসিদা (২১), রেসমা (২০), তাসলিমা (২১), সকিনা (১৮), ময়না (১৬), সকিনা বেগম (২২), রেসমা (১৯), আফরোজা (১৫), রিনা (২৩), রহিমা (১৯), সুলতানা (২২), রুপালী (২৪), সুবর্ণ (২৭), বৃষ্টি (২৩), নাসিমা (১৬), রজিনা (২২), তাসলিমা (২৫), রিতা বেগম (২২) ও নিপা (১৫)।
তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি জাহাঙ্গীর আলম বলেন, দালালের মিথ্যা প্রলোভনে পড়ে দুই বছর আগে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচার হন।
সেখানে মুম্বাই শহরে ঘোরাঘুরির সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদেরকে আটক করে। আদালতে হাজির করলে তাদের মুম্বাই কারাগারে পাঠানো হয়।
সাজার মেয়াদ শেষে তাদেরকে একটি বেসরকারি শেল্টার হোমে পাঠানো হয়।
পরে ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে দেশে ফেরত আনা হয়।
তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিকালে পোর্ট থানা পুলিশ তাদেরকে মানবাধিকার সংস্থা ‘রাইটস’ যশোর এর কাছে হস্তান্তর করেছে।
ফিরে আসা তরুণীদেরকে নিজ নিজ বাড়ি পাঠানো হবে বলে রাইটস যশোরের কর্মকর্তা বজলুর রহমান জানিয়েছেন।
