চন্দ্রঘোনায় ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার চন্দ্রঘোনা এলাকায় দোকানের মালিকানা নিয়ে ঝগড়ার জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার রাতের ওই ঘটনায় চার জন আহত হন। তাদের মধ্যে আমিনুল ইসলাম রাজু (২০) মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত অন্য তিন জন হলেন সাজ্জাদুল ইসলাম, ইমাম উদ্দিন ও মো. সাজ্জাদ। এর মধ্যে সাজ্জাদুল নগরীতে এবং অন্যরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত রাজু চন্দ্রঘোনা ফকির পাড়া এলাকার আজিজুল হকের ছেলে। রাজু উচ্চ মাধ্যমিক পাস করার পর আর লেখাপড়া করেননি।
“এসময় চারজন আহত হন। রাজু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।”
ঝগড়ার কারণ সম্পর্কে ওসি ওয়ালিউল্লাহ বলেন, কর্ণফুলী নদীর তীরে একটি দোকান ঘরের দখল নিয়ে স্থানীয় দুই ব্যক্তির মধ্যে বিরোধ হয়। এ নিয়ে সোমবার একটি সালিশ বৈঠকও হয়।
“বৈঠক থেকে বেরিয়ে জিয়া মার্কেট এলাকায় এসে ওই দুই ব্যক্তির পক্ষ নিয়ে স্থানীয় দুই দল যুবক বিরোধে জড়িয়ে পড়ে। সাত-আট মাস আগে এলাকায় ক্রিকেট খেলা নিয়েও যুবকদের মধ্যে ঝগড়া হয়েছিল।”
ঘটনার জড়িত পাঁচ-জনের বিষয়ে তথ্য পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, এখনি নাম প্রকাশ করছি না। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
