ফরিদপুরে ট্রাকচালকের গায়ে অগ্নিসংযোগ
ফরিদপুর শহরতলীতে ট্রাক থেকে নামিয়ে চালকের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে অবরোধকারীরা।
সোমবার রাতে সাড়ে ১২টার দিকে পিয়ারপুরে ফরিদপুর বাইপাস সড়কে এ ঘটনায় দগ্ধ খালেক শেখকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালেক বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাংসা গ্রামের ওয়াহিদুল শেখের ছেলে। তিনি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট থেকে কাঁকড়া নিয়ে ঢাকা যাচ্ছিলেন খালেক।
রাত সাড়ে ১২টার দিকে ওইস্থানে পোঁছালে অবরোধকারীরা তাকে ট্রাক থেকে নামিয়ে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি পাশের পুকুরে ঝাঁপিয়ে পড়েন।
স্থানীয়রা ওই পুকুর থেকে ট্রাক চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার সুমন সেন জানান, অগ্নিদগ্ধ খালেকের দুই পায়ের নিচের অংশসহ শরীরের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে। তবে, তিনি এখন আশঙ্কামুক্ত।
