২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরপুলে অটোরিকশায় আগুন, চালক দগ্ধ

বিরোধী দলের অবরোধের মধ্যে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে একটি অটোরিক্সায় আগুনে চালক দগ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 02:19 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

দগ্ধ সবেদ আলীকে (৩৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৫ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেলক হক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ইস্টার্ন প্লাজার সামনে যাত্রী নামিয়ে দেন সবেদ আলী। এর পরপরই কয়েকজন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে তার অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়।

দগ্ধ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

সবেদ আলী বাসাবোর ৩২ নম্বর এলাকায় থাকেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে মঙ্গলবার ভোর ৬টা থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।